
দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শিরোপার দেখা পেল নবারুণ হাউজ। কুমিল্লার বরুড়ার আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘আন্তঃ হাউস ফুটবল প্রতিযোগিতা- ২০২৬’- এর শ্বাসরুদ্ধকর ফাইনালে একতা হাউজকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
গতকাল ১৩ আগস্ট (বৃহস্পতিবার) আয়োজিত ফাইনাল ম্যাচটিতে নির্ধারিত সময়ে দুই দলই সমানে সমান লড়াই চালায়। টানটান উত্তেজনার ম্যাচটিতে নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে সমতায় শেষ হয়।
পরবর্তীতে ম্যাচের ভাগ্য নির্ধারণে খেলা গড়ায় স্নায়ুচাপের টাইব্রেকারে। সেখানে নবারুণ হাউজ ৭-৬ গোলের ব্যবধানে একতা হাউজকে পরাজিত করে জয়ের উল্লাসে মেতে ওঠে।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদুল ওয়াদুদ মিয়াজী (প্রধান শিক্ষক, আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান রনি (উপজেলা নির্বাহী অফিসার, বরুড়া, কুমিল্লা এবং সভাপতি, আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাকির হোসেন বাদল (চেয়ারম্যান, ১২নং আড্ডা ইউনিয়ন পরিষদ), মো: জাফর উল্লাহ চৌধুরী (সাবেক চেয়ারম্যান, ১২নং আড্ডা ইউনিয়ন পরিষদ)।
১২ বছর পর এই ঐতিহাসিক শিরোপা জয়ে নবারুণ হাউসের খেলোয়াড়, শিক্ষক ও সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

স্কুল প্রতিনিধি 
























