
কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ স্থানীয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) আদ্রা ইউনিয়ন পরিষদে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসাদুজ্জামান রনি বলেন, “আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান লিমন শিক্ষার্থীদের মেধা বিকাশে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

মোঃ সবুজ হোসেন 















