
কুমিল্লার বরুড়ার দিগলগাঁও গ্রামে শিক্ষার্থীদের মাঝে ১,৬০০টি ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দিগলগাঁও গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সুমন আহমেদের নিজস্ব উদ্যোগে এ পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরিবেশ সুরক্ষা ও শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন এবং বরুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ইলিয়াস আহমেদ।
অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজক মো. সুমন আহমেদ জানান, শিক্ষার্থীদের সবুজ পৃথিবীর প্রতি ভালোবাসা তৈরি করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উদ্বুদ্ধ করতেই তার এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ চারা তুলে দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক 
























