
কুমিল্লার বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মাঝে পদত্যাগের হিড়িক পড়েছে। ছাত্রদলের একাধিক নেতার পর এবার সাংগঠনিক কার্যক্রমে হতাশা ব্যক্ত করে পদত্যাগ করেছেন আড্ডা ইউনিয়ন উলামা দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. মাইনুল ইসলাম।
আজ রোববার (৩০ আগস্ট ২০২৬) এক লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি সংগঠন থেকে অব্যাহতি নেওয়ার এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।
উলামা দলের প্যাডে দেওয়া পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “আমি হাফেজ মাওলানা মো: মাইনুল ইসলাম, ১২ নং আড্ডা ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম, সাংগঠনিক কার্যক্রম দেখে হতাশাগ্রস্ত, এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে, আমি সাংগঠনিক সকল কার্যক্রম থেকে পদত্যাগ করলাম।”
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আড্ডা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক হৃদয় গ্রেপ্তার হওয়ার পর দলীয় শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে তৃণমূলে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এরই জেরে গত কয়েকদিনে ছাত্রদলের একাধিক নেতা পদত্যাগ করেছেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার উলামা দলের এই নেতার পদত্যাগ স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
একের পর এক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের এমন পদত্যাগে আড্ডা ইউনিয়নে দলটির সাংগঠনিক স্থবিরতা এবং অভ্যন্তরীণ কোন্দল এখন পুরোপুরি প্রকাশ্যে চলে এসেছে।

নিজস্ব প্রতিবেদক 






















