
কুমিল্লার বরুড়া উপজেলার পেরপেটি গ্রামে অনুষ্ঠানের ডেকোরেটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন পেরপেটি গ্রামের আবদুল মালেক মজুমদারের ছেলে মোঃ হান্নান মজুমদার (৪৪)। আহত হয়েছেন তার ছোট ভাই মাসুদ মজুমদার (৩৪)। তারা দুজন সহোদর।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে ডেকোরেটরের কাজ করার সময় অসাবধানতাবশত তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক হান্নান মজুমদারকে মৃত ঘোষণা করেন।
আহত মাসুদ মজুমদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আহত মাসুদ মজুমদারের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয়রা।

বরুড়া প্রতিনিধি 

























