
ফেনী ও নোয়াখালী জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি ও মাদক দমনসহ সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি এবং সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন গৃহায়ণ গণপূর্তমন্ত্রী, কুমিল্লা-৮ বরুড়া আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
গেজেট প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের বিভিন্ন জেলায় সুশাসন প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জাকারিয়া তাহেরের অর্পিত প্রধান দায়িত্ব ও কার্যপরিধি হলো– আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণ: ফেনী ও নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ এবং গুরু অপরাধ দমনে স্থানীয় সরকারি দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান।
উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন: সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদারকরণ, দারিদ্র্য বিমোচন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যভিত্তিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি করা।
সমন্বয় ও অংশগ্রহণ: জেলার প্রশাসনিক ও জনকল্যাণমুখী কাজের গতি বৃদ্ধি করতে জেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় স্বশরীরে অংশগ্রহণ করা এবং সমন্বিত পরামর্শ দেওয়া।
বাংলাদেশ সংবিধানের ৫৫ (২) অনুচ্ছেদ এবং ‘Rules of Business’-এর ক্ষমতাবলে সরকার এই তদারকি দায়িত্ব বন্টন করেছে। জাকারিয়া তাহেরের এই নতুন দায়িত্বে ফেনী ও নোয়াখালী অঞ্চলের প্রশাসনিক গতিশীলতা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 

























