
বরিশালের উজিরপুর উপজেলায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নিজস্ব উদ্যোগে বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকো নির্মাণ করেছেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে লাল ফিতা কেটে সাঁকোটির উদ্বোধন করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তা ও খালের ওপর টেকসই যাতায়াত ব্যবস্থা না থাকায় স্থানীয় শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষকে চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ নিরসনে এবং সাময়িকভাবে যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান বাঁশ ও সুপারি গাছ দিয়ে একটি সাঁকো নির্মাণের উদ্যোগ নেন।
সাঁকো নির্মাণকাজ শেষ হওয়ার পর স্থানীয় লোকজনের উপস্থিতিতে বেলুন ও লাল ফিতা দিয়ে সাজানো হয় বাঁশের তৈরি এই সাঁকোটি। এরপর আনুষ্ঠানিকভাবে লাল ফিতা কেটে ও ফিতা উঁচিয়ে ধরে সাঁকোটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনের পর পরই তিনি সাঁকোটি দিয়ে হেঁটে পার হন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনগণ ও শিশুরা উপস্থিত ছিলেন। সাঁকোটি সাময়িক স্বস্তি আনলেও ওই স্থানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

বরিশাল প্রতিনিধি 






















