
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও মাহফিল -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুন (মঙ্গলবার) সকালে মাদ্রাসার মিলনায়তনে মিলাদ ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক ওয়াদুদ মজুমদার। তিনি বক্তব্য বলেন, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা চাঁদপুর জেলার মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবসময় ভালো রেজাল্ট করে আসছেন। এই প্রতিষ্ঠানের পুরো জেলায় বেশ সুনামও রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছরের ৫ থেকে ১০ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিভার্সিটিতে কৃতিকার্য হয়। বর্তমানে যারা আলিম পরীক্ষা দিবেন, তারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেন। নকলমুক্ত পরিবেশে এখন থেকে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের কচুয়ার সংসদ সদস্য বাংলাদেশ মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনকে উপহার হিসেবে এ প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষার্থীরা সর্বোচ্চ ভালো ফলাফল দেখাতে হবে। তাহলে আমি ওনার একজন কাছের লোক হিসাবে এই প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিটি উপস্থাপনা করতে পারবো।
তিনি আরো বলেন, বর্তমান বিএনপি সরকার মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে কলেজ ও ইউনিভার্সিটির সমমান পরিমাণ গুরুত্ব দিয়ে যাচ্ছে। আমরা চাই মাদ্রাসা থেকে দ্বীন ও আলমের প্রতি শিক্ষা অর্জন করে বর্তমান সমাজকে আলোকিত করবে এটাই প্রত্যাশা করছি। সারাদেশের ন্যায় কচুয়ার শিক্ষার ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এএসএম ফখরুদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা নুর আহমদ আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, গভর্নিং বডির সদস্য আব্দুল রশিদ প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে, আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান ।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া 






















