
আগামীকাল ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টগুলোতে অন্তত ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।
ডিএমপি সূত্র জানায়, ২৩ জুনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করে এই বিশেষ নিরাপত্তা কৌশল নির্ধারণ করেছেন। পরিস্থিতির দাবি অনুযায়ী প্রয়োজনে এই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রস্তুতিও রাখা হয়েছে।
এই বিশাল নিরাপত্তা কর্মযজ্ঞ মাঠপর্যায়ের সদস্যদের পাশাপাশি ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন তদারকি করবেন। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, যেকোনো মূল্যে রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি বদ্ধপরিকর এবং এ বিষয়ে নগরবাসীকে সম্পূর্ণ আশ্বস্ত করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 





















