
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য জশনে জুলুস ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ সেপ্টেম্বর (শুক্রবার) খোশবাস মালেকিয়া দরবার শরীফের আয়োজনে এ বিশাল মিছিলের আয়োজন করা হয়।
সকালে কড়া রোদ ও তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে মিছিলে যোগ দেন হাজারো ধর্মপ্রাণ নারী-পুরুষ। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ধর্মীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। মালেকিয়া দরবার শরীফের ভক্ত ও অনুসারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিলে একটি সুসজ্জিত রিকশায় খোশবাস মালেকিয়া দরবার শরীফের পীরের ছবি স্থাপন করে তা প্রদক্ষিণ করানো হয়। তবে, ধর্মীয় মিছিলে এভাবে পীরের ছবি বহন নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
মিছিলটি খোশবাস বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বরুড়া প্রতিনিধি 

























