
কুমিল্লার বরুড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী দুই যমজ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলার শাকপুর ইউনিয়নের কাঁচিয়াপুকুরিয়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো কাঁচিয়াপুকুরিয়া গ্রামের মোঃ জসিম উদ্দিনের যমজ কন্যাসন্তান জুনাইরা ও তাসলিম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের লোকজনের অলক্ষ্যে শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করার একপর্যায়ে নিকটস্থ পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্বজনরা তাদের দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে দুই বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে স্বজনরা দ্রুত তাদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
একই সাথে যমজ দুই শিশুর এমন অবুঝ ও অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো কাঁচিয়াপুকুরিয়া গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিজস্ব প্রতিবেদক 
























