
মাদক, কিশোর অপরাধ ও নানা সামাজিক বিশৃঙ্খলা থেকে এলাকাকে মুক্ত রাখতে এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে কুমিল্লা জেলার বরুড়া থানায় স্থাপন করা হয়েছে একটি বিশেষ ‘অভিযোগ বক্স’। সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে এই উদ্যোগ নিয়েছে বরুড়া থানা পুলিশ।
থানা সূত্রে জানানো হয়, বরুড়ার যেকোনো এলাকায় মাদকসেবী ও মাদক কারবারি, কিশোর অপরাধী চক্র, ইভটিজিং, চুরি, ছিনতাই কিংবা সামাজিকভাবে অশান্তি সৃষ্টি করে—এমন যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষ এই বক্সে তাদের অভিযোগ ও নির্ভরযোগ্য তথ্য জমা দিতে পারবেন।
এই উদ্যোগ প্রসঙ্গে বরুড়া থানার পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে জনগণের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা সবচেয়ে বেশি প্রয়োজন। সাধারণ মানুষ যেন নির্ভয়ে তথ্য দিতে পারেন, সে উদ্দেশ্যেই এই ব্যবস্থা।
তবে তথ্য দেয়ার ক্ষেত্রে সচেতন থাকার আহ্বান জানিয়ে পুলিশ প্রশাসন উল্লেখ করে, তথ্যের সঠিকতা নিশ্চিত করা জরুরি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, হয়রানিমূলক বা যাচাই-বাছাই ছাড়া ভুল তথ্য প্রদান থেকে সবাইকে বিরত থাকতে হবে। নাগরিকদের সরবরাহ করা বস্তুনিষ্ঠ ও সত্য তথ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করবে।
অপরাধকে প্রশ্রয় না দিয়ে সঠিক তথ্য সরবরাহ করে বরুড়াকে একটি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে থানার পক্ষ থেকে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

বরুড়া প্রতিনিধি 
























