
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক হৃদয় গ্রেপ্তার হওয়ার পর থেকে দীর্ঘ ৩৭ দিন ধরে কারাগারে রয়েছেন। অনাকাঙ্ক্ষিত একটি ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তারের পর থেকে তার আইনি সহায়তা ও মুক্তিতে জ্যেষ্ঠ নেতাদের কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ২৯ জুলাই আড্ডা বাজারে এক ছাত্র বলাৎকারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে অপ্রীতিময় পরিস্থিতি ও সংঘর্ষের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে গিয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ওমর ফারুক হৃদয়কে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের এত দিন পার হয়ে গেলেও তার মুক্তিতে জ্যেষ্ঠ নেতৃত্বের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করে এক অনুসারী লিখেছেন, বড় অপরাধের আসামিরা অনায়াসে জামিন পেয়ে গেলেও কোনো অন্যায়ে জড়িত না থেকে হৃদয় আজ ৩৭ দিন ধরে জেল খাটছে। দলের সংকটে সবসময় পাশে থাকা এই কর্মীর পরিবারকে শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে, কিন্তু জামিনের জন্য কোনো বাস্তব ভূমিকা দেখা যাচ্ছে না।
নিরপরাধ দাবি করে ওমর ফারুক হৃদয়ের পরিবারকে আর কষ্ট না দিয়ে দ্রুত তার আইনি মুক্তি ও পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

বরুড়া প্রতিনিধি 






















