
কুমিল্লার বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সামছুল হক সর্দার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ০৩ জুলাই ২০২৬ (শুক্রবার) ভোর ৫টা ১৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল এবং তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের মরদেহ ঢাকা থেকে বরুড়ায় নিয়ে আসার পর এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দারের অবদানের প্রতি সম্মান জানিয়ে আজ বাদ আছর বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়।
রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন শেষে বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠেই মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং সর্বস্তরের হাজারো তৌহিদী জনতা অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বরুড়ার রাজনৈতিক অঙ্গন ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

মোঃ সবুজ হোসেন 























