
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বরুড়ার কৃতী সন্তান মো. মোরতাজুল করিম খন্দকার বাদরু। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এই পদে অধিষ্ঠিত থাকবেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ক্ষুদ্রঋণ অধিশাখা থেকে গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ অতুল মণ্ডল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৫.২(i) ও ৮.৩(i) অনুচ্ছেদ অনুযায়ী খন্দকার মো. মোরতাজুল করিম (বাদরু)-কে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
বরুড়ার সন্তান দেশের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এটিকে অত্যন্ত গৌরবের বিষয় হিসেবে দেখছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা আরও কার্যকরভাবে সমন্বিত হবে।
উল্লেখ্য, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) দেশের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে আসছে।

আমিনুল ইসলাম 























