
শিশুদের নিয়মিত পড়াশোনা, স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৩ আগস্ট (বৃহস্পতিবার) বরুড়ার ঐতিহ্যবাহী আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি। বক্তবে তিনি বলেন, “শিশুর প্রথম ও সেরা বিদ্যালয় হলো তার পরিবার, আর মা হলেন শ্রেষ্ঠ শিক্ষক। শিশুদের সঠিক বিকাশ ও সুশিক্ষায় মায়েদের সচেতনতাই সবচেয়ে বড় ভূমিকা রাখে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জহর লাল দত্ত, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জীবন কানাই সরকার, বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ শাহ আলম বাবুল এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা গোলাম মাওলা বাদল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান রানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সমাবেশে এলাকার বিপুল সংখ্যক অভিভাবক ও মায়েরা অংশ নেন। বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝড়ে পড়া রোধ ও বাল্যবিয়ে প্রতিহত করতে মায়েদের এগিয়ে আসার আহ্বান জানান।

ফরহাদ হোসেন, বরুড়া 
























