
রিপোর্ট | মোঃ সবুজ হোসেন: পবিত্র আহলে বাইত (আ:)গণের স্মরণে এবং হিজরী নববর্ষ উপলক্ষ্যে কুমিল্লার বরুড়ায় আগামী ২১ জুন ২০২৬ইং, রবিবার অনুষ্ঠিতব্য ‘মাহফিলে নাতে মোস্তফা’-এর প্রস্তুতি ও প্রচারণামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বরুড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হককে মাহফিলের দাওয়াত কার্ড (আমন্ত্রণপত্র) প্রদান করা হয়েছে।
আজ ১৭ জুন ২০২৬ (বুধবার) বরুড়া থানা কার্যালয়ে ওসির অফিস কক্ষে হিজরী নববর্ষ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এই দাওয়াত কার্ড তুলে দেন। আমন্ত্রণপত্র গ্রহণ করে অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক মাহফিলের সার্বিক সাফল্য কামনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উদযাপন পরিষদের আহ্বায়ক মুহাম্মদ ফয়সাল হোসাইন ক্বাদেরী ও সদস্য সচিব মুহাম্মদ মোস্তফা রেজা ক্বাদেরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২১ জুন রবিবার বাদ আসর থেকে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে এই বিশাল মাহফিল অনুষ্ঠিত হবে। হিজরী নববর্ষ উদযাপন পরিষদ, বরুড়া উপজেলা, কুমিল্লার উদ্যোগে এবং চেয়ারম্যান আব্দুল লতিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফ তালুকদারের সৌজন্যে এই আধ্যাত্মিক ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পীরে ত্বরীকত হযরতুল আল্লামা অধ্যাপক মুফতী কাজী মুহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফী আল ক্বাদেরী (মা: জি: আ:) এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীরে ত্বরীকত হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ ওমর ফারুক খন্দকার (মা: জি: আ:)। মাহফিলে সভাপতিত্ব করবেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাতা সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ ইলিয়াস আহমদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতী আলী আকবর ফারুকীসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং আমন্ত্রিত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। মাহফিলে নাতে রাসুল (সা:) পরিবেশন করবেন চট্টগ্রাম ও বরুড়ার খ্যাতনামা শায়েরবৃন্দ।
আয়োজক কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ ও রাসুলপ্রেমিক তাওহিদী জনতাকে যথাসময়ে মাহফিলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

মোঃ সবুজ হোসেন 

























