
কুমিল্লার বরুড়ায় মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার রোধ এবং শিক্ষার্থীদের চরিত্র গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে উপজেলার শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিন নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক।
প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজমুল হক বলেন, “মাদক ও কিশোর অপরাধ আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। আর স্মার্টফোনের অপব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা ও মনোযোগ নষ্ট করছে। তাই মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারকে ‘লাল কার্ড’ দেখিয়ে তরুণ প্রজন্মকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।” শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তাই এখন থেকেই সচেতন হও, ভালো মানুষ হও এবং দেশকে ভালোবাসো।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম মজুমদার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং সংগঠনটির সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য ইয়াছিন, শামীম, সিহাব, আরাফাত, তুহিন, সিয়াম, অন্তু, ইফতি, মেহেদী, সোহান, আশিক, সাইফুল, ফখরুলসহ আরও অনেকে।
সভা শেষে উপস্থিত শিক্ষার্থীরা মাদক ও স্মার্টফোন আসক্তিকে ‘না’ বলে চরিত্র গঠন ও দেশপ্রেমের শপথ গ্রহণ করে।

বরুড়া প্রতিনিধি 
























