
কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি-আমড়াতলী সড়কের একটি অসম্পূর্ণ কালভার্ট এখন স্থানীয় বাসিন্দাদের জন্য চরম আতঙ্কের নাম। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ হয়ে পেড়ে থাকায় কালভার্টটি বর্তমানে রূপ নিয়েছে এক বিপজ্জনক ‘মরণফাঁদে’। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই রুটে যাতায়াতকারী হাজার হাজার মানুষ।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালভার্টটির কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখার কারণে বরুড়ার এই গুরুত্বপূর্ণ সড়কটিতে যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, সড়কটির এই অংশে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং ছোট-বড় মালবাহী যানবাহন চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কালভার্ট এলাকায় পর্যাপ্ত সতর্কতাসূচক চিহ্ন না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতের আঁধারে পথচারী ও চালকেরা অসম্পূর্ণ অংশটি দেখতে না পাওয়ায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন। সরাসরি সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি চিকিৎসা নিতে যাওয়া রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা। তাদের বাধ্য হয়ে বিকল্প দীর্ঘ পথ ঘুরে অতিরিক্ত সময় ও টাকা খরচ করে যাতায়াত করতে হচ্ছে।

উদ্বেগ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই ভাঙা ও অসম্পূর্ণ অংশ পার হতে হচ্ছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনার খবর আসতে পারে। কর্তৃপক্ষের অবিলম্বে ঠিকাদারকে কাজ শেষ করার কঠোর নির্দেশ দেওয়া উচিত।”
অসমাপ্ত কালভার্টের কারণে প্রতিনিয়ত চলাচলে জীবনের ঝুঁকি ও ভোগান্তি বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। অবিলম্বে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী আকুল আবেদন জানিয়েছেন, যেন দ্রুত স্থানটি সরেজমিনে পরিদর্শন করে কালভার্টটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

মোঃ ফরহাদ হোসেন, বরুড়া 























