
কুমিল্লার বরুড়া উপজেলায় বস্তাবন্দী মানুষের লাশ পড়ে থাকার সন্দেহে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে একটি কুকুরের মৃতদেহ উদ্ধার করে। আজ ৫ জুলাই (রবিবার) সকালে উপজেলার ১৩ নং আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে হেরপেটি গ্রামের উত্তরপাড়ায় রাস্তার পাশে একটি মুখবন্ধ বস্তা পড়ে থাকতে দেখেন পথচারীরা। বস্তার আকৃতি ও পারিপার্শ্বিক অবস্থা দেখে ভেতরে মানুষের লাশ রয়েছে বলে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। মুহূর্তের মধ্যেই এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন।
খবর পেয়ে বরুড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ উপস্থিত জনতার সামনেই রহস্যজনক সেই বস্তাটি খোলে। তবে বস্তাটি খোলার পর সবার ভুল ভাঙে এবং স্বস্তি ফেরে। বস্তার ভেতর কোনো মানুষের লাশ নয়, বরং একটি মৃত কুকুর মোড়ানো ছিল।
বিষয়টি নিশ্চিত করে বরুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছিম্পু জানান, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে বস্তাটি খুলে ভেতরে একটি মৃত কুকুর পাওয়া গেছে। এলাকায় লাশ উদ্ধারের যে গুজবটি ছড়িয়ে পড়েছিল, তার কোনো সত্যতা পাওয়া যায়নি। পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত বা বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক বিষয়ে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন।

মোঃ জহির হোসেন 






















