
কুমিল্লার বরুড়া পৌরসভার বাগমারা গ্রামে বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবা মোঃ আবদুল করিমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় বরুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগমারা (কালামুড়ি) গ্রামের ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আবদুল করিমের বাড়িতে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি)। সেখানে গিয়ে তার ১৫ বছর বয়সী মেয়ে লুবনা আক্তারের বাল্যবিবাহের আয়োজনের সত্যতা পান তিনি। তাৎক্ষণিকভাবে বিয়ের প্যান্ডেল ভেঙে দেওয়া হয় এবং বরুড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে মেয়েটির ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে তার বাবা ও মায়ের কাছ থেকে মুচলেকা ও অঙ্গীকারনামা নেওয়া হয়।
এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি জানান, সমাজে বাল্যবিবাহ একটি মারাত্মক অপরাধ। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান ও সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি 











