
কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আড্ডা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। আজ দলীয় পদে ইস্তফা দিয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান আহমেদ মুন্না।
অন্যদিকে এর আগে, একই দিনে তাকে সংগঠন থেকে আজীবন বহিষ্কারের কথা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে কলেজ ছাত্রদল।
স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আড্ডা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সাইদুর তালুকদার ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান আহমেদ মুন্নাকে প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে আজীবন বহিষ্কার করা হলো। তার স্থলাভিষিক্ত হিসেবে মোঃ শাওন হোসেনকে ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়ে ইরফান আহমেদ মুন্না জানান, বর্তমান দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ সাধারণ মানুষের সামাজিক অসংগতি দেখে তিনি শেখ হাসিনার রাজনৈতিক নীতির প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করছেন।
নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে মুন্না বলেন, “আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে মনে-প্রাণে ধারণ করি। দেশের বর্তমান পে প্রেক্ষাপটে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকা আমার নীতি ও চেতনার পরিপন্থী। তাই আমি স্বপ্রণোদিত হয়ে ছাত্রদলের পদ ত্যাগ করেছি এবং আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথেই যুক্ত থাকার সিদ্ধান্ত নিয়েছি।”

বরুড়া প্রতিনিধি 






















