
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২৫ জন শিশু, যার মধ্যে ১৬০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ৯৬৫ জনের শরীরে হামের উপসর্গ রয়েছে।
আজ সোমবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬৮৩টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫৯০ জন মারা গেছে।
এই তিন মাসে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৭৫৫ জনে, যার মধ্যে নিশ্চিত রোগী ১১ হাজার ১৭১ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৭৭ হাজার ৭৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৭৩ হাজার ৯৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ঢাকা প্রতিনিধি 


















