
কুমিল্লার বাঙ্গরা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মদিনার সবুজ গম্বুজ সুন্নী সংগঠনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) বাইড়া গাউছিয়া নূরীয়া দরবার শরীফ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র গাউসে পাক, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, নাতে রাসূল ﷺ, দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় কবর জিয়ারত এবং কুরআনের পাখিদের নিয়ে তাবারক বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ মাহবুব আলম আল কাদেরীর নেতৃত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় ঘোষণা প্রদান করা হয় এবং সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পারস্পরিক ভালোবাসা, আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দ্বীনি খেদমত, মানবতার কল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠান শেষে সংগঠনের সফলতা, সকলের কল্যাণ ও শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কুমিল্লা প্রতিনিধি 













