
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছেন কুমিল্লার বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। রাতের আঁধারে উপজেলার বিভিন্ন বাজারে দোকানে দোকানে ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অভিযান পরিচালনাকালে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে সরকারের প্রজ্ঞাপন পাঠ করে শোনান। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রাখতে হবে। তবে জনস্বার্থ ও বিদ্যুৎ সাশ্রয়ের এই পদক্ষেপ বাস্তবায়নে তিনি তাৎক্ষণিক কঠোর ব্যবস্থার বদলে প্রথম পর্যায় হিসেবে ব্যবসায়ীদের প্রতি আন্তরিক অনুরোধ ও সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।
সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ জানান, সরকারি নির্দেশনার আলোকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে জরুরি সেবার বিষয়টি বিবেচনায় রেখে হাসপাতাল, হোটেল, ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় জরুরি প্রতিষ্ঠানসমূহ এই নিয়মের আওতামুক্ত থাকবে এবং স্বাভাবিকভাবে খোলা রাখা যাবে।
উপজেলা প্রশাসনের এই মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে স্থানীয় ব্যবসায়ীরা স্বাগত জানিয়েছেন এবং সরকারি নির্দেশনা মেনে বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন।

বরুড়া প্রতিনিধি 





















