
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের সাহাপুর প্রাইমারি স্কুল ও মোগলট্রি সংলগ্ন এলাকায় এক চিকিৎসকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে এই ডাকাতি সংঘটিত হয়।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রাতে চিকিৎসক বিজয় ও তার স্ত্রী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় একদল ডাকাত বাড়ির কেসি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাত দলটি গৃহকর্তা ও তার স্ত্রীকে জিম্মি করে ঘরে থাকা আনুমানিক ২ থেকে ৩ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে রাত আনুমানিক ৩টার দিকে বরুড়া থানার এসআই এনামুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।
এদিকে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ডাকাতির কাজে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে উক্ত মোটরসাইকেলের মালিককে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, “ঘটনাস্থল থেকে উদ্ধার করা মোটরসাইকেলের মালিককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাহাপুর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর মাত্র কয়েকদিন আগেই সাহাপুর এলাকার আরেকটি বাড়িতে ডাকাতি এবং স্থানীয় সাহাপুর বাজারের ‘আজাদ কাপড় বিতানে’ চুরির ঘটনা ঘটেছিল। একের পর এক এসব ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বরুড়া প্রতিনিধি 




















