
কুমিল্লার বরুড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের দায়ে দুইজনকে কারাদণ্ড এবং পর্নোগ্রাফি মামলাসহ ওয়ারেন্টভুক্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বরুড়া থানার ওসি কাজী নাজমুল হকের নেতৃত্বে গত ১ জুলাই রাতে উপজেলার আগানগর ইউনিয়নের সাকিব (২৩) নামের এক যুবকের ঘরে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এদিকে, ইয়াবা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ (মোবাইল) কোর্টের মাধ্যমে হৃদয় হোসেন (১৯) ও ফারুক (৪২) নামের দুইজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পৃথক আরেকটি অভিযানে, পর্নোগ্রাফি উৎপাদন ও প্রচারের অভিযোগে ২ জুলাই গোবিন্দপুর এলাকা থেকে মো. জয়নাল আবেদীন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৩ আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে বরুড়া থানা পুলিশ।

বরুড়া প্রতিনিধি 



















