
কুমিল্লার বরুড়ার খোশবাস উত্তর ইউনিয়নের দেননগর (ফয়েয়ারপাড়) এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বোরহান উদ্দিন নামে এক ইউপি সদস্যের হামলায় মো. ইউসুফ (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ ২৯শে অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক পৌনে চারটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইউসুফ দেননগর এলাকার ইব্রাহিম ইবু ও সালেহা খাতুন দম্পতির ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বোরহান মেম্বারের সঙ্গে ইউসুফের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেলে এই বিরোধের জের ধরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বোরহান মেম্বার ইউসুফের গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বরুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বোরহান মেম্বারকে আটক করে।
এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় সরকার জানান, “আমরা আসামি বোরহান মেম্বারকে আটক করেছি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

বরুড়া প্রতিনিধি 










