
কুমিল্লার বরুড়ায় পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর কাদা-মাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিতড্ডা ইউনিয়নের উত্তর উড্ডা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উত্তর উড্ডা এলাকায় এক নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পরে বরুড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, উদ্ধারের সময় নিহতের পা দুটি বাঁধা অবস্থায় ছিল এবং মাথা কাদা-মাটির নিচে চাপা পড়ে ছিল। মুখমণ্ডল কাদাচ্ছন্ন ও বিকৃত থাকায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে আইনি প্রক্রিয়া ও তদন্ত কাজ শুরু করেছে বলে জানান তিনি।

বরুড়া প্রতিনিধি 





















