
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৬৬ জন এবং ঢাকার বাইরে ১৫১ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫ হাজার ৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৬১২ জন।
বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার এবং বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছেন।

ঢাকা প্রতিনিধি 





















