অত্যন্ত আনন্দঘন ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃহাউজ ফুটবল লীগ-২০২৬’-এর ফাইনাল ম্যাচ। রোবাবার (২৩ আগস্ট ২০২৬) দুপুর ২:৩০ মিনিটে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির নিজস্ব মাঠে এই জমজমাট ম্যাচটি অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হয় আলিম-ফাজিল একাদশ ও দাখিল দশম শ্রেণি। মাঠজুড়ে দুপক্ষের সমর্থকদের তুমুল করতালি ও উল্লাসের মধ্য দিয়ে নির্ধারিত সময়ের খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় দাখিল দশম শ্রেণিকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে আলিম-ফাজিল একাদশ।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে দুর্দান্ত ফুটবল উপহার দেয়। তবে ম্যাচের সিদ্ধান্তসূচক গোলটি করে বিজয়ের হাসি হাসে আলিম-ফাজিল একাদশ। রানার্স-আপ শিরোপাতেই সন্তুষ্ট থাকতে হয় দাখিল দশম শ্রেণিকে। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা। ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি হস্তান্তর করা হয়।