মালয়েশিয়ার পাহাড়ি অঞ্চল ক্যামেরন হাইল্যান্ডসে ভয়াবহ পাহাড় ধসে নিখোঁজ হওয়া তরুণ ফাহাদ হোসেনের (২৪) গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় চলছে চরম শোক ও উৎকণ্ঠা। ফাহাদ বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের সরাপতি গ্রামের (উত্তরপাড়া মাস্টার বাড়ি) আব্দুর রশিদের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে মাত্র তিন মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমান ফাহাদ। সেখানে তিনি ক্যামেরন হাইল্যান্ডস এলাকার একটি সবজি বাগানে কাজ শুরু করেন। গত ১ অক্টোবর রাতে টানা ও মুষলধারে বৃষ্টির কারণে পাহাড়ি ধস নেমে ফাহাদের থাকার স্থানটি চাপা পড়ে।
দুর্ঘটনার পর থেকে বরুড়ায় ফাহাদের নিজ গ্রামে তার স্বজনদের মাঝে আহাজারি থামছেই না। ফাহাদের মা-বাবাসহ পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাদের প্রিয় সন্তান জীবিত উদ্ধার হবে নাকি তার মরদেহ উদ্ধার করা হবে, সেই অনিশ্চয়তায় পুরো গ্রামজুড়ে এক বিষাদময় পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অবিলম্বে ফাহাদকে দ্রুত উদ্ধারে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস ও সরকারের প্রয়োজনীয় সহায়তা কামনা করেছেন। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে মাটির বিশাল স্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চালিয়ে গেলেও এখনও ফাহাদের চূড়ান্ত কোনো সন্ধান মেলেনি।