কুমিল্লার বরুড়ার ঐতিহ্যবাহী হরিশপুরা কামাল হোসেন কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৮ জুন (রবিবার) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হরিশপুরা কামাল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়ালগাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবুল কালাম আজাদ।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বরুড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, এডভোকেট হুমায়ুন কবির সবুজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশমূলক বক্তব্য দেন এবং পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সততা ও নিষ্ঠার সাথে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীরাও তাদের বক্তব্যে কলেজের স্মৃতি চারণ করে শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মচারী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।