কুমিল্লার বরুড়া উপজেলার শাহপুর বাজারে একটি কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে দোকান থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে শাহপুর বাজারের ‘আজাদ বস্ত্র বিতান’-এ এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর বাজারে দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা পরিচালনা করে আসছেন স্থানীয় বোরহান মেম্বারের ছোট ভাই আজাদ। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ব্যবসায়িক কাজ শেষ করে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন তিনি। পরদিন সকালে দোকানে এসে দেখতে পান তালা ভাঙা এবং ভেতরের বিপুল পরিমাণ মূল্যবান কাপড়সহ বিভিন্ন মালামাল গায়েব হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক আজাদ জানান, চোরের দলটি সুপরিকল্পিতভাবে দোকানে প্রবেশ করে সব দামী মালামাল নিয়ে গেছে। এতে তাঁর আনুমানিক ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বরুড়া থানার ডিউটি অফিসার জানান, কাপড়ের দোকানে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
এদিকে জনবহুল শাহপুর বাজারে এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছে। চুরির সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারের জোর দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।