কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের আড্ডা গ্রামের কৃতিসন্তান, আলোকিত মানুষ গড়ার মহান কারিগর ও সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মোঃ আব্দুল হাই আর নেই। চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১:৫০ মিনিটে কুমিল্লা মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ঐতিহ্যবাহী আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত জনপ্রিয় ও নিষ্ঠাবান ইংরেজি শিক্ষক ছিলেন।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি কেবল পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি; বরং স্নেহ, শাসন ও প্রগতির আলো দিয়ে গড়ে তুলেছেন হাজারো শিক্ষার্থী। একজন আদর্শ শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে তাঁর দেওয়া শিক্ষা এবং দিকনির্দেশনা অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে।
তাঁর এই প্রয়াণে আড্ডা গ্রামসহ বরুড়া উপজেলার শিক্ষাঙ্গন ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষকের প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ ও গভীর শোক প্রকাশ করছেন তাঁর সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।