কুমিল্লার বরুড়ায় সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয়ের আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৭ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উদ্দীপনাপূর্ণ এ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভাসানী হাউজ ও সোহরাওয়ার্দী হাউজ। নির্ধারিত সময় শেষে উভয় দলই কোনো গোল করতে না পারায় ম্যাচটি অমিমাংসিত থাকে। পরবর্তীতে ট্রাইবেকারে ২-১ ব্যবধানে ভাসানী হাউজকে পরাজিত করে জয়ের হাসি হাসে সোহরাওয়ার্দী হাউজ। এই রোমাঞ্চকর জয়ের মাধ্যমে চলতি মৌসুমের শিরোপা নিজেদের নামে করে নেয় তারা।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি হস্তান্তর করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকেরা মাঠের চারপাশে উপস্থিত থেকে খেলোয়াড়দের করতালি দিয়ে উৎসাহিত করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের শারীরিক গঠন ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি এ ধরনের সহপাঠ্যক্রমিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন অব্যাহত থাকবে।