পবিত্র আহলে বাইত (আ:)গণের স্মরণ এবং হিজরী নববর্ষ উপলক্ষ্যে কুমিল্লার বরুড়ায় গত ২১ জুন ২০২৬ইং, রবিবার ‘মাহফিলে নাতে মোস্তফা’ সফলভাবে সম্পন্ন হয়েছে। হিজরী নববর্ষ উদযাপন পরিষদ, বরুড়া উপজেলা, কুমিল্লার উদ্যোগে এবং চেয়ারম্যান আব্দুল লতিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফ তালুকদারের সৌজন্যে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে বাদ আসর থেকে এই আধ্যাত্মিক ও ধর্মীয় আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে মাহফিলটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে হিজরী নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক মুহাম্মদ ফয়সাল হোসাইন ক্বাদেরী ও সদস্য সচিব মুহাম্মদ মোস্তফা রেজা ক্বাদেরীসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বরুড়ার স্থানীয় বিশিষ্টজনদের মাঝে মাহফিলের আমন্ত্রণপত্র বিতরণ ও ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেছিলেন।
উদ্বোধক ছিলেন পীরে ত্বরীকত হযরতুল আল্লামা অধ্যাপক মুফতী কাজী মুহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফী আল ক্বাদেরী (মা: জি: আ:)। প্রধান অতিথি ছিলেন পীরে ত্বরীকত হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ ওমর ফারুক খন্দকার (মা: জি: আ:)। সভাপতিত্ব করেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাতা সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ ইলিয়াস আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতী আলী আকবর ফারুকীসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং আমন্ত্রিত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলে নাতে রাসুল (সা:) পরিবেশন করেন চট্টগ্রাম ও বরুড়ার খ্যাতনামা শায়েরবৃন্দ। উক্ত মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ ও রাসুলপ্রেমিক তাওহিদী জনতা উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন।