কুমিল্লার বরুড়া পৌরসভার অর্জুনতলা এলাকার দৌলত মেম্বারের বাড়ীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে অর্জুনতলা গ্রামের দৌলত মেম্বারের বড় ছেলে দুলাল মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলহান শিখা পাশের রান্নাঘরে ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে বরুড়া ফায়ার সার্ভিসের একটি দল এবং পল্লী বিদ্যুতের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় আশেপাশের অন্যান্য ঘরবাড়ি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া জানান, অগ্নিকাণ্ডে ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ফার্নিচারসহ সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে তার প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
হঠাৎ এই অগ্নিকাণ্ডে পরিবারটি এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। স্থানীয় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারটিকে জরুরি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।