কুমিল্লার বরুড়া উপজেলায় আশঙ্কাজনকভাবে চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
সর্বশেষ খবর নিয়ে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর (২০২৬) দিবাগত রাতে উপজেলার আগানগর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা ভিপি আবদুল মন্নানের বসতঘরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে সংঘবদ্ধ চোর চক্র ঘরে প্রবেশ করে চেয়ার-টেবিল, পরনের কাপড়, বৈদ্যুতিক পাখা এবং ঘরের বিদ্যুৎ লাইনের তার কেটে নিয়ে যায়। ভূক্তভোগী পরিবারের দাবি, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।
স্থানীয় অধিবাসীদের অভিযোগ, সম্প্রতি বরুড়া উপজেলার বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে চুরির ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েছে। বিশেষ করে রাতের আঁধারে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে সক্রিয় হয়ে উঠেছে অপরাধী চক্র। এতে করে সাধারণ মানুষ নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রাত কাটাচ্ছেন।
এ বিষয়ে এলাকার সচেতন মহল জানান, দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। চুরি প্রতিরোধে অবিলম্বে পুলিশি টহল জোরদার করা, সংঘবদ্ধ চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং রাতকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা। পাশাপাশি নিজেদের বাসা-বাড়ি ও এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয়দের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
জনসাধারণের নিরাপত্তায় পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি।