কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের ধনিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র টিউবওয়েলটি দীর্ঘদিন ধরে অকেজো ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের একমাত্র নিরাপদ পানির উৎস টিউবওয়েলটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এটি সংস্কার বা নতুন টিউবওয়েল না বসানোর ফলে পানির তৃষ্ণা মেটাতে বাধ্য হয়ে শিক্ষার্থীদের পাশের বাজারের চায়ের দোকানগুলোতে যেতে হচ্ছে। ক্লাসের ফাঁকে কিংবা টিফিনের সময়ে ছোট ছোট শিশুদের পানির জন্য বাজারে যাওয়া একদিকে যেমন ঝুঁকিপূর্ণ, অন্যদিকে তাদের পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে।
বিদ্যালয়ের চত্বরে অযত্নে পড়ে থাকা জং ধরা ও লতাপাতায় ঢেকে যাওয়া টিউবওয়েলটি এখন কেবলই স্মৃতি। খাওয়ার পানি সংগ্রহের জন্য বাজারের দোকানগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে অবুঝ শিশুরা।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল অবিলম্বে বিদ্যালয়টিতে একটি নতুন টিউবওয়েল স্থাপন অথবা বিদ্যমান অকেজো টিউবওয়েলটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করছেন।