কুমিল্লার বরুড়া উপজেলার ৩ নং উত্তর খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামের মালেক মেম্বারের বাড়িতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
৪ সেপ্টেম্বর (শুক্রবার) দিবাগত রাতে আরিফপুর গ্রামের বাসিন্দা জালালের ছোট ভাই প্রবাসী ফয়সালের বসতঘরে এই সংঘটিত ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত ঘরের তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাত দল ঘরের সবাইকে জিম্মি ও অস্ত্রের মুখে জিম্মি করে তাণ্ডব চালায়। পরবর্তীতে ঘরের ড্রয়ার ও আলমারি ভেঙে নগদ ৩ লাখ টাকা, আনুমানিক ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং একাধিক ব্যবহৃত মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এদিকে, ৩ নং উত্তর খোশবাস ইউনিয়নে একের পর এক ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একের পর এক এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে দাবি করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।