কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী পয়ালগাছা ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার বিভিন্ন স্কুলের কৃতী ছাত্র-ছাত্রীদের এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কাউছার আলম সেলিম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি। এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কাউছার আলম সেলিম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, " তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ গঠনে ও উচ্চশিক্ষায় সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে মেধার স্বাক্ষর রাখতে হবে।"
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি শিক্ষার্থীদের এ অভাবনীয় ফলাফলে তাদের অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জানান এবং শিক্ষা জীবনে ধারাবাহিক সফলতা বজায় রাখার জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের নেতৃবৃন্দ ও অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন। আনন্দঘন ও উৎসাহ উদ্দীপক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।