কুমিল্লা জেলার বরুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য পক্ষের উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, সম্ভাবনা ও স্থানীয় চাষিদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সফল চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও বিভিন্ন এলাকার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।