কুমিল্লার বরুড়া উপজেলার শরাফতি পূর্ব ও দক্ষিণ পাড়ায় নবনির্মিত “আল ইসলাহ মসজিদ ও ইসলামিক সেন্টার”-এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দৃষ্টিনন্দন এই মসজিদ ও ইসলামিক সেন্টারটির শুভ সূচনা করা হয়।
আনিসুর রহমানের সঞ্চালনায় এবং আমেরিকান প্রবাসী আব্দুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুল মতিন, সরদার রুহুল আমিন, আনোয়ার মাস্টার, সাবেক মেম্বার মোহাম্মদ মেম্বার, সাবেক মেম্বার ফরিদ আহমেদ, সরদার আব্দুর রশিদ, আমির হোসেন, সৌদি প্রবাসী বেংসাগর, ইসমাইল, তরুণ রাজনীতিবিদ জাকারিয়া এবং ছাত্রনেতা ফয়সাল আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে আব্দুস সাত্তার বলেন, "মসজিদ কেবল সালাত আদায়ের জায়গা নয়, এটি একটি আদর্শ ও নৈতিক সমাজ গঠনের প্রাণকেন্দ্র। নতুন প্রজন্মকে কুরআন-সুন্নাহর আলোয় আলোকিত করতে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে এই ইসলামিক সেন্টার অগ্রণী ভূমিকা রাখবে।"
মসজিদ ও ইসলামিক সেন্টারটি প্রতিষ্ঠার পেছনে জমি দান করে বিশেষ ভূমিকা রাখা চার মহতী ব্যক্তির অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। জমিদাতারা হলেন- আব্দুস সাত্তার (আমেরিকান প্রবাসী, বেংসাগর), জহিরুল ইসলাম (বাহরাইন প্রবাসী, বেংসাগর), সাইফুল ইসলাম (বাহরাইন প্রবাসী), এডভোকেট আনিসুর রহমান (দলিল লেখক ও সার্ভেয়ার)
স্থানীয়রা জানান, এমন একটি দ্বীনি প্রতিষ্ঠানের জন্য জমি দান করা এক মহৎ সাদাকায়ে জারিয়া, যা অনাগত ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তারা এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকল দাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে আল ইসলাহ মসজিদ ও ইসলামিক সেন্টার যেন দ্বীনি জ্ঞানচর্চা ও সামাজিক উন্নয়নের রোল মডেল হতে পারে, সেই কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।