কুমিল্লার বরুড়া উপজেলার পশ্চিম বাজার পাট বাজার সংলগ্ন উপজেলা মার্কেটের 'আলো ইলেকট্রনিক্স' দোকানে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক মাসুদ জানান, গভীর রাতে দুর্বৃত্তরা তার দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরচক্র দোকান থেকে বিপুল পরিমাণ মূল্যবান ইলেকট্রিক ক্যাবল, মোবাইল ফোন এবং লকারে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়।
মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা পাহারাদার জানান, রাত তিনটার দিকে তিনি দোকানের ভেতর লকারের তালা ভাঙার শব্দ শুনতে পান। কিন্তু তাৎক্ষণিকভাবে তার কাছে কোনো মোবাইল ফোন না থাকায় তিনি দ্রুত পশ্চিম বাজার থেকে হেঁটে পূর্ব বাজারে গিয়ে অপর পাহারাদারকে বিষয়টি জানান। অন্য পাহারাদারকে সাথে নিয়ে পুনরায় ঘটনাস্থলে ফিরতে তার প্রায় ১২ থেকে ১৫ মিনিট সময় লেগে যায়। তবে ততক্ষণে চোরচক্র মালামাল লুট করে সটকে পড়ে।
এ ঘটনায় দোকান মালিকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। নৈশপ্রহরা জোরদার করা এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাজার কমিটি।