কুমিল্লার বরুড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বরুড়া থানা-পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে দুজন সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি। তারা হলেন- ৯ নং শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকুসার এলাকার মো. জাবেদ হোসেন (৪০) এবং ৭ নং ভাউকসার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাউকসার এলাকার মো. শাহআলম (৪৪)। জাবেদ হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শাহআলম ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
এছাড়া চুরি মামলায় ঝলম ইউনিয়নের মেড্ডা এলাকার মো. দুলাল মিয়া (৩৫) এবং এক নিয়মিত মামলায় বরুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাজ্জাদুর রহমান ওরফে মিয়া শাওন (২৭)-কে গ্রেফতার করা হয়।
বরুড়া থানা সূত্রে জানা যায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চিহ্নিত অপরাধীদের ধরতে পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।