কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মেরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২১ জুন) রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সেলিমা আহমাদ মেরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি দেশের ব্যবসায়িক অঙ্গনেও সুপরিচিত ছিলেন এবং নারী উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নির্বাচনী এলাকা হোমনা ও তিতাসসহ পুরো কুমিল্লা জেলা জুড়ে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
তার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য সচিব সারওয়ার হোসেন বাবু। এক ফেসবুক বার্তায় তিনি লেখেন, "কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী আপা আজ রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।" তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে আরও অনেকেই এই নারী নেত্রীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।