কুমিল্লার বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক হৃদয় গ্রেপ্তারের পর দীর্ঘ দিন কারাবন্দী থাকলেও তার জামিন ও মুক্তির বিষয়ে শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়তায় নেতাকর্মীদের ক্ষোভ থামছেই না। এই ঘটনায় দলের ওপর হতাশ হয়ে পদত্যাগের মিছিলে যুক্ত হলেন আড্ডা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক আজহার উদ্দিন সরকার।
গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে এক লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দল থেকে অব্যাহতির ঘোষণা দেন।
লিখিত বিজ্ঞপ্তিতে আজহার উদ্দিন সরকার উল্লেখ করেন, সংগঠনের বর্তমান সাংগঠনিক কার্যক্রম দেখে চরম হতাশ হয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন এবং ছাত্রদলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই আড্ডা বাজারে এক ছাত্র বলাৎকারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে স্থানীয় জনতার সংঘর্ষের সৃষ্টি হয়। উক্ত পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ আড্ডা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক হৃদয়কে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের পর দীর্ঘ সময় পার হলেও তার মুক্তি বা আইনি সহায়তার জন্য জ্যেষ্ঠ কোনো নেতা কার্যকর পদক্ষেপ নেননি বলে অভিযোগ ওঠে।
নেতাদের এমন উদাসীনতার প্রতিবাদে ইতিপূর্বে একাধিক দায়িত্বশীল নেতা পদত্যাগ করেছেন। ওমর ফারুক হৃদয়ের বিষয়ে দলের উদাসীনতা এবং সার্বিক স্থবিরতাকে কেন্দ্র করেই আজহার উদ্দিন সরকারের এই সর্বশেষ পদত্যাগ, যা এলাকায় ছাত্রদলের অভ্যন্তরীণ অসন্তোষকে আরও বাড়িয়ে দিয়েছে।